শীঘ্রই বাজারে আসছে । বরেণ্যদের চোখে আল্লামা আজিজুল হক

প্রায় ৯ বছর আগের কথা। শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. তখন হায়াতে ছিলেন। আমাদের পারিবারিক এক মজলিসে আলোচনা হল- শাইখুল হাদীস রহ.-এর জীবনী সংকলনের কাজ শুরু করা দরকার। তখনই শাইখুল হাদীস রহ. এর সহকর্মী ও ছাত্রদের মধ্যে অনেকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন। বিশেষ করে মাওলানা সিদ্দিকুর রহমান রহ. চলে যাওয়ায় এই প্রয়োজন তীব্রভাবে অনুভূত হলো।

সিদ্ধান্ত হল, দ্রুততম সময়ে বড়দের কাছ থেকে স্মৃতিকথা সংগ্রহ করা হবে। দায়িত্ব আসল আমার আর মামুন মামার উপর। এক বিকেলে আমরা দু\’জন মাওলানা মুহিউদ্দীন খানের কাছে গেলাম। তিনি প্রাণ খুলে কথা বললেন। আরও কয়েক বার কথা বলার আগ্রহ প্রকাশ করলেন। আমাদের উৎসাহ অনেক বেড়ে গেল। আরও উদ্দীপনার সাথে কাজ শুরু করলাম। কয়েকজনের স্মৃতিকথা সংগ্রহ করলাম।

কিছুদিন পরেই শাইখুল হাদীস রহ. আমাদের ছেড়ে চলে গেলেন। হজরতের ইন্তেকালের পর অনেক ধরনের স্মরণসভা ও সম্মেলন হয়েছে। বিভিন্ন পত্রিকা স্মরণ সংখ্যা করেছে। শাইখুল হাদীস রহ. কে নিয়ে আগে-পরে বেশ কয়েকটি ছোট বইও প্রকাশিত হয়েছে। কিন্তু একটি স্মারকগ্রন্থের চাহিদা সব সময়ই ছিল। সেজন্যই স্মৃতিকথা সংগ্রহের কাজ আমি নিরব্বচ্ছিন্নভাবে অব্যাহত রাখি। এ উপলক্ষ্যে আমি প্রায় সারা দেশ সফর করেছি। দেশের শীর্ষস্থানীয় উলমায়ে কেরাম, শাইখুল হাদীস রহ.-এর সহকর্মী ও প্রিয় ছাত্রদের সাথে সাক্ষাৎ করেছি, স্মৃতিকথা সংগ্রহ করেছি।

বইটির কাজ অনেক আগে শুরু হওয়ায় শাইখুল হাদীস রহ.-এর সহকর্মী ও প্রিয় ছাত্রদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের অনেকের স্মৃতিকথা সংরক্ষণ করা সম্ভব হয়েছে। মাওলানা মুহিউদ্দীন খান রহ., মুফতি ফজলুল হক আমিনী রহ., প্রিন্সিপাল হাবিবুর রহমান রহ., আল্লামা আশরাফ আলী রহ., বেফাকের মাওলানা আব্দুল জব্বার রহ. ও সদ্য প্রয়াত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহ. সহ আরও অনেকের দুর্লভ স্মৃতিকথা উঠে এসেছে বইটিতে। বিশেষ করে শাইখুল হাদীস রহ.-এর প্রিয়তমা ও পরিবারের সদস্যদের স্মৃতিকথা বইটিতে অনন্য সম্পদ হিসেবে উপস্থাপিত হয়েছে। এছাড়া বর্তমান সময়ের শীর্ষস্থানীয় আলেমদের স্মৃতিকথা তো আছেই।

প্রায় ৮টি বছর হৃদয় নিংড়ানো পরিশ্রমের ফল এই বইটি। বিন্দু বিন্দু করে জমা করেছি ৯০ হাজার শব্দ, ৪৫০ পৃষ্ঠা, ৪২ টি সাক্ষাৎকার। ভালোলাগার বিষয় হল- সাক্ষাৎকার সংগ্রহ, বিভিন্ন জেলায় সফর, রেকর্ডিং থেকে অনুলিখন, কম্পোজ, এরপর সেই আলোচনাগুলোর বিন্যস্তকরণ- সব কিছুই আমার নিজ হাতে করার সুযোগ হয়েছে- এ আমার পরম সৌভাগ্য। মহান রবের শুকরিয়া আদায়ের ভাষা আমার জানা নেই। ফালিল্লাহিল হামদ!

বইটি প্রকাশিত হচ্ছে পয়গাম প্রকাশন থেকে। সম্পাদনা করেছেন মাওলানা মামুনুল হক। ভূমিকা লিখেছেন স্বপ্নচারী লেখক মাওলানা যাইনুল আবিদীন। প্রচ্ছদ করেছেন কাজী যুবায়ের মাহমুদ। আশা করছি অক্টোবরের মাঝামাঝি সময়ে বইটি বাজারে আসবে ইনশাআল্লাহ…!

ফেসবুক টাইমলাইন: Ehsanul haque

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top